কালিহাতী প্রতিনিধি: মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার, ১৪ জুলাই শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ এবং শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন।
কর্মসূচির মধ্যে ছিল- মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ, কালিহাতীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, স্মরণসভা ও দোয়া মাহফিল ইত্যাদি।
এদিন সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণে ‘রাবেয়া সিরাজ একাডেমিক ভবন’ এর হলরুমে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন মরহুমের স্ত্রী ও নারীনেত্রী রাবেয়া সিরাজ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শুকুর মাহমুদ, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ শাহ্ আলম তালুকদার, কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, জিয়া পরিষদ টাঙ্গাইলের সভাপতি অধ্যক্ষ আউয়াল, কালিহাতী অফিসার ইনচার্জ কাইয়ুম খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রাশেদুল ইসলাম রতন।
এ সময় উপজেলা বিএনপির নেতা, মরহুমের অনুসারী ও শিক্ষকসহ অত্র কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের এই দিনে ৭৭ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ অসুস্থাবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।