ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষক সমাজের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
শুক্রবার, ২৬ জুন সকালে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির।
ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার এবং সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরুল হক শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঘাটাইলের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে এককালীন ভাতার চেক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এসব শিক্ষকদের সম্মাননা ও ভাতা প্রদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। উপস্থিত শিক্ষকরা করতালির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।