মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের দুই চোখ হারানোর ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার, ৯ জুন রাতে উপজেলা সদরের গাড়াইল ও বাইমহাটী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও গাড়াইল এলাকার রেজাউল করিমের ছেলে উপজেলা ছাত্রলীগের আহ্বয়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর সদরের বাইমহাটী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা এবং গাড়াইল এলাকার রেজাউল করিমের বাসা থেকে আব্দুর রাব্বি সাদকে আটক করা হয়। পরে গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের মা নাসিমা বেগমের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে অন্যদের সঙ্গে হিমেলও আহত হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, হিমেলের দুই চোখ অন্ধ হয়ে গেছে। এ ঘটনায় একই বছরের ৭ অক্টোবর টাঙ্গাইলের আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম। ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযান চালিয়ে সোহেল রানা ও আব্দুর রাব্বি সাদকে গ্রেপ্তার করেন মির্জাপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান এবং হাবিবুর রহমান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার তদন্তে তাদের নাম ওঠে আসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।