কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে রেল লাইনের পৃথকস্থান থেকে ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৮) নামে এক গৃহবধূ ও অজ্ঞাতনামা (৩৮) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার, ৮ জুন দুপুরে কালিহাতী উপজেলার সল্লা এলাকার রেল লাইনের পৃথকস্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। নিহত মুক্তা আক্তার (২৮) উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গৃহবধূ মুক্তা আক্তার নিহত হন। এর সন্নিকটে রেল লাইনের পাশে ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, স্বামী সুজনের সাথে মুক্তা আক্তার রেল লাইন পার হচ্ছিলো। সুজনের কোলে বাচ্চা থাকায় সে কিছুটা পেছনে ছিলো। এসময় মুক্তা কোন দিকে খেয়াল না করেই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়।
এদিকে একই এলাকায় রেল লাইনের ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারনা কয়েকদিন আগে অন্যকোথাও হত্যা করে রেল লাইনের ফাঁকা জায়গায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা বলেন, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অপর নারীর লাশ বাড়িতে থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই নারীর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।