নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল শহরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, পার্ক সংস্কার এবং টাঙ্গাইল ডিসি লেককে দর্শনার্থীবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
শুক্রবার, ৫ জুন রাতে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, শহরের রাস্তা-ঘাটসহ নাগরিক সুবিধার উন্নয়নে ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সচেতন নাগরিক ফোরাম সভাপতি আকিবুর রহমান ইকবাল এর সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সচেতন নাগরিক ফোরাম উপদেষ্টা মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।