কালিহাতি প্রতিনিধি: কালিহাতি উপজেলার এলেঙ্গার রাজাবাড়িতে অবস্থিত লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ খ্রি. ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে, বুধবার দুপুরে রিডো বাংলাদেশ ও রংধনু-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ খ্রি. এর অংশ হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এই কর্মসূচি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, রিডো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন, রংধনু-এর নির্বাহী পরিচালক এস. এম. মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম সরকার, এলেঙ্গা বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেকান্দর আলী সিকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফর রহমান মতিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশে কোটি কোটি বৃক্ষরোপণ করে দেশকে সবুজ প্রানবন্ত করে গড়ে তোলা হবে। যেখানে যেখানে বৃক্ষ সল্পতা রয়েছে সেখানে অধিক গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণ করে সবুজে সবুজে ভরে তুলতে হবে। এই বৃক্ষরোপণ এর মাধ্যমেই বাংলাদেশকে সবুজ সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।