মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে গেছেন দুই যুবক।
রবিবার, ৩ মে বিকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের। ওই সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ের উদ্দেশ্যে আরও একজনকে সঙ্গে নিয়ে ঐ গ্রামে আসেন।
গ্রামবাসী জানান, বিকালে দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে ওই নারীকে বিয়ে করতে আসেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তারা লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে নিজেদের বিদেশি নাগরিক হিসেবে দাবি করেন। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে সুযোগ বুঝে তারা একটি প্রাইভেটকার নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।
ঘটনার পর ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। বিশেষ করে কিছু চক্র নিজেদের বিদেশি পরিচয় দিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছে। এমনকি মানবপাচারের ঘটনাও ঘটছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য সাদেক আলী বলেন, তাদের আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদ করলে নানা ধরনের কাগজপত্র দেখায়। পরে কৌশলে পালিয়ে যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তিনি শুনেছেন। তিনি আরো বলেন, অনলাইনে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়।