কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।
বুধবার, ২৫ মার্চ সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম ওই গ্রামের ওসমান গনির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে আড়াই মাস ধরে সওদাগার গ্রুপের সঙ্গে মণ্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলে আসছিল। ইতঃপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলা ঘটনা ঘটে বলে জানা যায়। গত ঈদের দিনে দুই গ্রুপ আলাদাভাবে ঈদের নামাজও আদায় করে।
তবে ঘটনার একদিন আগে মঙ্গলবার রাতে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইম (১৭)সহ অন্তত ৬ জন আহত হন। পরে নাঈমসহ দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও সওদাগর বংশের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) আহত হয়েছেন। অপরদিকে সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম জানান, কবরস্থানের জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ দাফন সম্পন্ন হওয়ার পর মামলা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।