নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সুলতান সালাউদ্দিন টুকুর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় সাড়ে ৩শ’ মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ বার কারাভোগ করেন। এ সময় তিনি মোট প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে তাকে। এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।
কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আপন বড় ভাই আব্দুস ছালাম পিন্টু টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।