দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার, ২৫ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, রাত সাড়ে ৩টার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারিতে রেণু পোনা কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করেন। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাইফুল আলম তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীরা ২০ থেকে ৩০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছুরিকাঘাতের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাইফুলের মৃত্যু হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান এবং এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।